বাংলাদেশ

নতুন মামলায় আবার রিমান্ডে আনিসুল, সালমান, আতিকুলসহ ৬ জন

Advertisement

নতুন মামলায় আবার রিমান্ডে আনিসুল, সালমান, আতিকুলসহ ৬ জন
আনিসুল হক (বাঁয়ে), সালমান এফ রহমান (মাঝে) ও আতিকুল ইসলাম (ডানে)। আজ বুধবার তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়
আনিসুল হক (বাঁয়ে), সালমান এফ রহমান (মাঝে) ও আতিকুল ইসলাম (ডানে)। আজ বুধবার তাঁদের ঢাকার আদালতে হাজির করা হয়ছবি: আশরাফুল আলম
পৃথক হত্যা ও হত্যাচেষ্টার নতুন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানসহ ছয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

রিমান্ড মঞ্জুর হওয়া অপর চার আসামি হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, রাজধানীর মিরপুর থানায় করা আসিফ হত্যা মামলায় সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত সালমান এফ রহমান ও আবদুল্লাহ আল–মামুনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

অপর দিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ইনসান আলী হত্যাচেষ্টা মামলায় আনিসুল হককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। আদালত আনিসুল হককে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

বাড্ডা থানায় করা সুমন সিকদার হত্যা মামলায় আতিকুল ইসলামকে ১০ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত তাঁকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানার একটি হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এ ছাড়া রাজধানীর ধানমন্ডি থানায় করা রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও আনিসুল হক। ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

এখন পর্যন্ত সালমান এফ রহমানের ১০ মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে আনিসুল হকের মোট ৪৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুনকে ১২ মামলায় মোট ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ ছাড়া আজ আদালত পৃথক মামলায় সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, আইনজীবী মনোয়ার হোসেন ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। বাংলাদেশ

মন্তব্য করুন
Advertisement

Related Articles

Back to top button